ধর্মতলায় বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবারের অশান্তির পর এবার পালটা কর্মসূচির পথে বিজেপি। সোমবার কলকাতার রাস্তায় ‘তিরঙ্গা যাত্রা’র ডাক দিয়েছে উত্তর কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা। শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
বিজেপি সূত্রের খবর, সোমবার বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হবে। শিয়ালদহ ফ্লাইওভার, মৌলালি এবং এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে গেরুয়া শিবিরের এই কর্মসূচি। শুক্রবারের বিক্ষোভে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই প্রতিবাদে এই ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়েছে বলে দাবি বিজেপির।
উল্লেখ্য, শুক্রবার ধর্মতলায় CJP এবং বামপন্থী সংগঠনগুলির বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভের সময় পুলিশের উদ্দেশে জুতো ও জলের বোতল ছোড়া হয়। এমনকি পুলিশ কর্মীদের লক্ষ্য করে জল ছিটিয়েও বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে কয়েকজন সাংবাদিক ও চিত্রসাংবাদিক নিগ্রহের শিকার হয়েছেন বলেও অভিযোগ সামনে আসে।
এই ঘটনার পরই বিজেপি নেতৃত্ব কড়া প্রতিক্রিয়া জানায়। উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতির বক্তব্য, “প্রতিবাদ মানে সাংবাদিকদের উপর হামলা নয়। প্রতিবাদ মানে ভারতবিরোধী স্লোগানও নয়।” তাঁর দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে হিংসা বা বিশৃঙ্খলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে সরকারের আপত্তি নেই, তবে আন্দোলনের নামে দেশবিরোধী কার্যকলাপ বা আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অন্যদিকে, শুধু বিজেপিই নয়, সংঘ পরিবারের একাধিক সংগঠনও রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), এবিআরএসএম, বিএসএম এবং বিদ্যা ভারতী-সহ একাধিক সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর ব্যানারে রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল ও পথসভার কর্মসূচি শুরু করেছে। সংগঠনগুলির দাবি, শিক্ষা ব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতেই এই আন্দোলন।
শুক্রবারের ঘটনার পর রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন সোমবারের ‘তিরঙ্গা যাত্রা’ ঘিরেও শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







