সিকিমের সুড়ঙ্গ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সুড়ঙ্গের ভিতরে এখনও পাঁচজন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে একাধিক উদ্ধারকারী দল। উদ্বিগ্ন প্রশাসন। দুঃখে ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।
নামচির পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভিতরে মোট ২৫ জন শ্রমিক ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এনএইচপিসি-র প্রাথমিক অনুমান, পাথরের মধ্যে জমে থাকা মিথেন গ্যাসের আকস্মিক বিস্ফোরণের জেরেই এই ধস নামে। বিস্ফোরণের পর সুড়ঙ্গের ভিতরে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ খনি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দিয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, মিথেন গ্যাসের বিস্ফোরণ এবং সুড়ঙ্গ ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি উদ্ধারকাজেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







