বাংলার প্রথম দফা নির্বাচনে রাজনৈতিক হিংসা নয়, বরং প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারালেন ৪ জন ভোটার। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদহ এবং বীরভূমে ভোট দিতে গিয়ে তীব্র দাবদাহ ও ভিড়ের চাপে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের মধ্যে রয়েছেন পটাশপুরের নৃপেন্দ্র দাস, কেশপুরের ইসরাতন বিবি, মালতীপুরের প্রমিলা বাগদি এবং সিউড়ির অসীম রায়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গরমে হৃদরোগে আক্রান্ত হয়েই এই মর্মান্তিক পরিণতি।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন নৃপেন্দ্র দাস। কেশপুরের ইসরাতন বিবির মৃত্যুতে শোকের পাশাপাশি উঠে এসেছে এনআরসি বা এসআইআর (SIR) আতঙ্ক। তাঁর স্বামীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন বলে পরিবার জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল। সেই পূর্বাভাসকে সত্যি করেই এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ প্রাণঘাতী হয়ে ওঠে। একদিকে রেকর্ড ভোটদানের হার, অন্যদিকে ভোটারদের এই মৃত্যু—সব মিলিয়ে প্রথম দফার নির্বাচন বিষাদে ঢাকা পড়ল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






