নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা বেষ্টনী সত্ত্বেও ভোট চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। বুথ দখলের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হলেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট তথা বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, প্রার্থীর ছেলেসহ আরও কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
লাভপুর ছাড়াও অশান্তির আঁচ ছড়িয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তেও। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। অন্যদিকে, মুর্শিদাবাদের নওদা ও ডোমকলে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে হুমায়ুন কবীর রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বিক্ষিপ্ত এই রক্তপাত ও বুথ দখলের অভিযোগ ঘিরে কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






