২০২৬-এর বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও শহরতলির বহুতল আবাসনগুলোতে বুথ করার সিদ্ধান্তে অনড় কমিশন। তবে এই বুথগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে জারি করা হয়েছে কড়া বিধি। নতুন নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দা নন এমন কোনো আত্মীয় বা বহিরাগতর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভোটের দিনও ওই আবাসনের ভোটার তালিকায় নাম নেই এমন কোনো পরিচিত বা বন্ধুকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
এক নজরে নতুন নির্দেশিকা:
-
প্রবেশাধিকার: শুধুমাত্র ওই আবাসনের বাসিন্দা, যাঁদের নাম ওই নির্দিষ্ট বুথের ভোটার তালিকায় রয়েছে, তাঁরাই পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
-
নিষেধাজ্ঞা: আত্মীয়, বন্ধু বা পরিজন—যাঁরা ওই আবাসনের ভোটার নন, তাঁদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
-
সময়সীমা: ভোট শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে এই নিয়ম কার্যকর হবে।
-
স্পর্শকাতর এলাকা: দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্র—রাসবিহারী, ভবানীপুর, কলকাতা বন্দর ও বালিগঞ্জ—প্রশাসনের নজরে অত্যন্ত স্পর্শকাতর। এই কেন্দ্রগুলোর মোট ১০৯৩টি বুথের মধ্যে প্রায় ৪০০টি বুথকে ‘অত্যন্ত স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, আবাসনের ভেতরে ভোটকেন্দ্রে যাতে কোনোভাবেই বহিরাগতরা প্রভাব খাটাতে না পারে, তার জন্যই এই কঠোর ব্যবস্থা। প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৩ এপ্রিল, তার আগেই শহরজুড়ে এই নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ শেষ করতে চাইছে কমিশন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






