২০২৫ সালের সেই অভিশপ্ত ২২ এপ্রিলের ক্ষত আজও দগদগে। পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণহানির এক বছর পূর্ণ হলো আজ। বুধবার নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত কোনো ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শোকাতুর পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, “দেশ এই আত্মত্যাগ কখনও ভুলবে না এবং সন্ত্রাসীদের কোনো জঘন্য পরিকল্পনাই সফল হতে দেওয়া হবে না।”
প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতীয় সেনার পক্ষ থেকেও প্রতিবেশী রাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেনার অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি বার্তায় সাফ জানানো হয়েছে— “কিছু সীমা কখনও লঙ্ঘন করা উচিত নয়।” মূলত পহেলগাঁও হামলার পর ভারতের পালটা ‘সিঁদুর অভিযান’-এর কথা মনে করিয়ে দিয়েই এই প্রচ্ছন্ন সংকেত দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক বছর অতিক্রান্ত হলেও পহেলগাঁও কাণ্ড ঘিরে দেশবাসীর ক্ষোভ এবং কড়া বদলার সংকল্প যে আজও অটুট, আজকের বার্তাগুলো তারই প্রমাণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







