best news portal development company in india

‘ডিম থেরাপি’র পর এবার ‘মুখে কালী’! দমদমে তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের অফিসে মিলল রেশন-ভোটার কার্ডের পাহাড়, গণধোলাই ও কালী মাখিয়ে পুলিশের হাতে তুলে দিলেন মহিলারা

SHARE:

দমদম, ২৯ জুন: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতিগ্রস্ত নেতাদের শায়েস্তা করতে বাংলায় ‘ডিম থেরাপি’র পর এবার যেন শুরু হলো এক নতুন ‘মুখে কালী’ থেরাপি। রবিবার উত্তর ২৪ পরগনার দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটল এমনই এক নজিরবিহীন ও চরম উত্তেজনাপূর্ণ ঘটনা। সরকারি জমি দখল করে তৈরি করা অফিস ভেঙে সেখানে বান্ডিল বান্ডিল রেশন কার্ড, ভোটার কার্ড ও দুর্নীতির খতিয়ান লেখা ডায়েরি উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাননি স্বয়ং ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস রায়। ক্ষুব্ধ মহিলারা প্রকাশ্য রাস্তায় ওই তৃণমূল কাউন্সিলরের মুখে কালো কালী লেপে দেন এবং তাঁর এক সঙ্গীকে গণধোলাই দিয়ে শেষ পর্যন্ত তাঁদের পুলিশের হাতে তুলে দেন।

দমদম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, সরকারি জমি দখল ও নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্ষমতার দম্ভ দেখিয়ে একটি সরকারি জমি জবরদখল করে নিজের বিলাসবহুল পার্টি অফিস বানিয়েছিলেন তাপস রায়। রবিবার পাড়ার সাধারণ মানুষ একজোট হয়ে সরকারের সম্পত্তি সরকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ওই অফিস থেকে তৃণমূলের বোর্ডটি সরিয়ে সেখানে ‘পৌরসভার অফিস’-এর নতুন বোর্ড লাগিয়ে দেন। কিন্তু তখনও পর্যন্ত ভেতরের দরজা খোলা হয়নি। পরবর্তীতে অফিসের দরজা খোলামাত্রই উপস্থিত সাধারণ মানুষ ও বিজেপি নেতৃত্বের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

অফিসের ভেতরে থাকা একটি বন্ধ আলমারি ভাঙতেই উদ্ধার হয় দুর্নীতির এক মস্ত বড় স্তূপ। আলমারির ভেতর থেকে থরে থরে সাজানো অবস্থায় উদ্ধার হয় এলাকার বহু মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বান্ডিল বান্ডিল রেশন কার্ড, খাদ্যসাথীর কার্ড এবং জমি-বাড়ির বহু গুরুত্বপূর্ণ নথি। শুধু তাই নয়, ওই কার্যালয় থেকে উত্তর দমদম পৌরসভার বহু সরকারি ফাইল ও একটি গোপন ডায়েরিও উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই ডায়েরির পাতায় পাতায় লেখা রয়েছে বিগত দিনে কার কাছ থেকে কত টাকা তোলা বা কাটমানি নেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব। এই সমস্ত জালিয়াতি হাতেনাতে ধরা পড়তেই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়।

এই দুর্নীতির পাহাড় দেখে উত্তেজিত জনতা প্রথমে তৃণমূল কাউন্সিলরের এক প্রভাবশালী সঙ্গীকে ধরে গণধোলাই দেয় এবং গায়ে কালী মাখিয়ে দেয়। এরপর কাউন্সিলর তাপস রায়কে যখন পার্টি অফিস থেকে বের করা হচ্ছিল, তখন ক্ষিপ্ত মহিলারা চারিদিক থেকে তাঁকে ঘিরে ধরে তাঁর মুখে ও মাথায় চুন-কালী মাখিয়ে দেন। তীব্র ধিক্কার ও স্লোগানের মাঝে কার্যত কালিমালিপ্ত মুখেই ওই তৃণমূল কাউন্সিলরকে পুলিশের ভ্যানে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে দমদমের নবনির্বাচিত বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস রায় আর তাঁর কিছু চ্যালাচামুণ্ডা গত কয়েকদিন ধরে মাঝরাতে এসে এই অফিসের তালা খোলার চেষ্টা করছিলেন। তাঁরা লোক দেখলেই পালিয়ে যেতেন। সরকারি জায়গা দখল করে এই দুর্নীতির আখড়া তৈরি করা হয়েছিল। পাড়ার সাধারণ মানুষই চেয়েছিলেন এই সম্পত্তি পৌরসভার কাজে লাগুক, আমরা তাঁদের ইচ্ছাকেই মান্যতা দিয়েছি। এই অফিস থেকে মৃত মানুষের ভোটার কার্ড আর রেশন কার্ডের যে পাহাড় মিলেছে, তা প্রমাণ করে এরা কী স্তরের জালিয়াতি চালাচ্ছিল। আইন মেনে এই চক্রের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত।” এই ঘটনার পর দমদম জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई