পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটাল আসাউদ্দিন ওয়েইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (AIMIM)। তারা আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন দলের সাথে সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। মিম নেতৃত্বের দাবি, হুমায়ুন কবিরের সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্য বাংলার মুসলিম সমাজের নিরাপত্তা ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এই ধরণের আদর্শগত বিরোধ এবং স্পর্শকাতর মন্তব্যের দায়ভার তারা নিতে নারাজ বলেই জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পাশাপাশি, এআইএমআইএম (AIMIM) রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক দশকের বাম-ডান শাসনে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় কেবল ভোটব্যাংক হিসেবেই ব্যবহৃত হয়েছে; কিন্তু তাদের প্রকৃত সামাজিক ও আর্থিক উন্নয়ন ঘটেনি। এই বঞ্চনার প্রতিবাদে এবং নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে আগামী বিধানসভা নির্বাচনে তারা ‘একলা চলো’ নীতি গ্রহণ করেছে। কোনো দলের সাথেই আর জোটে না গিয়ে স্বাধীনভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণের জল্পনা উসকে দিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







