নন্দীগ্রামের ‘বিজয় সংকল্প সভা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে তাঁর কাছে পরাজিত হওয়ার পর এবার নন্দীগ্রামে দাঁড়ানোর সাহস দেখাতে পারেননি মমতা। শুভেন্দুর কথায়, “আমি ওঁর চ্যালেঞ্জ গ্রহণ করলেও, উনি এবার নন্দীগ্রাম থেকে পালিয়েছেন।”
রাজ্যের কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিক ইস্যুকে হাতিয়ার করে তিনি জানান, পশ্চিমবঙ্গ আজ শিল্পহীন। গ্রামের হাজার হাজার শিক্ষিত যুবক পেটের দায়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির সুশাসনের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ওড়িশা বা গুজরাটের মতো উন্নয়ন বাংলায় আনতে হলে পদ্ম শিবিরের বিকল্প নেই। ধর্মীয় ভাবাবেগে শান দিয়ে শুভেন্দু আরও বলেন, যেখানেই হিন্দুরা আক্রান্ত হয়েছেন বা মন্দির ভাঙা হয়েছে, সেখানেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসন্ন নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে বলে এদিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







