পানিহাটির রাজনৈতিক সমীকরণে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ব্যারাকপুর মহকুমা শাসক দপ্তর। বৃহস্পতিবার বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন রত্না দেবনাথ (অভয়ার মা)। ৯ এপ্রিল তারিখটিকে তিনি সচেতনভাবেই বেছে নিয়েছিলেন, কারণ এই দিনেই তাঁর মেয়ের জন্ম হয়েছিল এবং একই তারিখে তাঁকে হারানোর মর্মান্তিক স্মৃতিও জড়িয়ে আছে। রত্না দেবনাথের কথায়, মেয়ের স্মৃতিই তাঁকে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রতিনিয়ত শক্তি জোগাচ্ছে এবং এই জয় হবে সমগ্র পানিহাটি তথা পশ্চিমবঙ্গের মানুষের জয়।
এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে পানিহাটির অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব। মিছিল শেষে আয়োজিত জনসভায় স্মৃতি ইরানি একজন মায়ের এই অসম লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজ্যে নারী সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। রত্না দেবনাথ আত্মবিশ্বাসের সাথে জানান, এলাকার সাধারণ মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিধানসভায় তিনি সেই কণ্ঠস্বর হয়ে উঠতে চান।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







