best news portal development company in india

প্রথম তিন দিনেই সাড়ে ২৬ হাজার ফর্ম বিলি ব্লকে

SHARE:

সালানপুর ব্লকে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য (এসআইআর) ফর্ম বিলি দ্রুতগতিতে হচ্ছে বলে জানা গেছে। ৪ নভেম্বর বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় আজ ৬ নভেম্বর বিকেল পর্যন্ত ২৬ হাজার ৪৮৬ টি ফর্ম বিলি হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। তবে এই প্রক্রিয়া সন্ধের পরও চলছে। ব্লকে মোট ১ লক্ষ ২৮ হাজার ৫৯১ জন ভোটার আছেন। তাদের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন ১৪৫ জন বি এল ও। আজ ৬ নভেম্বর রূপনারায়ণপুর নান্দনিক এলাকা সংলগ্ন কাজলি অ্যাপার্টমেন্ট ও কাছাকাছি একাধিক ফ্ল্যাট এবং বাড়ি অঞ্চলে ফর্ম বিলি করা হয়। বিএলও গীতিকা দাস, বি এল এ-২ বিশ্বজিৎ রায় ভোটারদের নানান প্রশ্নের সদুত্তর দিয়ে তাদের চিন্তামুক্ত করেন। এই প্রক্রিয়ায় সহযোগিতা করেন সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক মুখার্জি। জানা গেছে, এখানকার প্রায় ৯৭০ জন ভোটারের মধ্যে এ পর্যন্ত ৩০০ জন ভোটারের কাছে ফর্ম পৌঁছানো সম্ভব হয়েছে। এদিকে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে চিত্তরঞ্জন রেল শহরের অনেক ভোটারকেই তাদের উল্লিখিত ঠিকানায় গিয়ে পাওয়া যাচ্ছে না বলে ফর্ম বিলিতে কিছুটা অসুবিধা ঘটছে। তবে নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী ৪ নভেম্বর থেকে সপ্তাহ খানেকের মধ্যেই সকল ভোটারের হাতে নির্দিষ্ট এনুমারেশন ফর্ম পৌঁছে যাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী। এদিকে ব্লকের বিভিন্ন অঞ্চলে ফর্ম বিলির সময় কমিশনের নিয়ম অনুযায়ী বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টদের (বিএলএ-২) থাকার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছাড়া অন্যান্য দলের এজেন্টদের দেখা পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় মানুষজন জানাচ্ছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *