উৎসবের মরশুমে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সালানপুর ব্লকে। ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল বাঁশকেটিয়া কমিউনিটি হল। এলাকার সভা, বৈঠক এবং সামাজিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই হল। ফলে হলটি হারিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সকালে হলের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় যুবক শিবশঙ্কর রুজকে। এরপর তিনি প্রতিবেশীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে খবর দেওয়া হয় দমকল বিভাগে।
এক ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পাশাপাশি চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকেও আরও একটি ইঞ্জিন রওনা দেয়।
আগুনে হলের ভিতরে থাকা ত্রিপল-সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রবল উত্তাপে বারান্দার পাকা ছাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো হলটি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁশকেটিয়া কমিউনিটি হল শুধু অনুষ্ঠান আয়োজনের জায়গা ছিল না। ডিভিসির উদ্যোগে এখানে এলাকার মহিলাদের স্বনির্ভর করার প্রশিক্ষণ দেওয়া হতো। বিউটিশিয়ান কোর্স-সহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিও চলত এই হলে।
ফলে অগ্নিকাণ্ডে হলটি পুড়ে যাওয়ায় সামাজিক অনুষ্ঠান ছাড়াও প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের কাছে এই হলের গুরুত্ব ছিল যথেষ্ট।
আগুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কালীপুজোর মরশুমে এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত করছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







