আসানসোল আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে প্রকাশিত হল ‘শ্যামা সাহিত্য পত্রিকা’র পঞ্চম বার্ষিকী সংখ্যা। গত ৯ নভেম্বর ২০২৬, সোমবার বিকেল ৪টেয় আয়োজিত হয় এই অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাড়ম্বরে পত্রিকার অষ্টম সংখ্যা প্রকাশ করা হয়। শিল্পাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি জগতে এই প্রকাশনা বিশেষ সংযোজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও গবেষক ডঃ সমুদ্র বসু, প্রাক্তন বিচারপতি দেবাশিস চৌধুরী এবং আসানসোল কারেকশনাল হোমের সুপারিনটেনডেন্ট সুজিত কুমার পাল। পাশাপাশি ছিলেন বিশিষ্ট আইনজীবী শেখর কুণ্ডু, আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অয়ন রঞ্জন মুখোপাধ্যায় এবং আসানসোল দক্ষিণ থানার আইসি বিশ্বজিৎ মুখার্জি। এছাড়াও শিল্পাঞ্চলের বহু কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষ অনুষ্ঠানে যোগ দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল বন্দ্যোপাধ্যায়।
প্রদীপ প্রজ্জ্বলনের পর পত্রিকার মোড়ক উন্মোচন
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন পত্রিকার মুখ্য উপদেষ্টা দেবাশিস চৌধুরী। এরপর অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডঃ সমুদ্র বসু পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান
এদিন শ্যামা সাহিত্য পরিবারের পক্ষ থেকে ডঃ সমুদ্র বসুকে ‘শ্যামা পুরারত্ন সম্মান’ প্রদান করা হয়। একই সম্মান দেওয়া হয় বিশিষ্ট গবেষক ডঃ তিলক পুরকায়স্থকে। বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর হয়ে সম্মাননা গ্রহণ করেন তরুণ ক্ষেত্রগবেষক অভিজিৎ দে।
এছাড়াও শিল্পাঞ্চলের পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। ‘শ্যামা জীবনকৃতি সম্মান’ পান আইনজীবী, সাংবাদিক ও সাহিত্যিক সব্যসাচী চ্যাটার্জি। ‘শ্যামা কাব্যকৃতি সম্মান’ পান জহর মিশ্র। ‘শ্যামা সাহিত্যকৃতি সম্মান’ দেওয়া হয় সুশীল বন্দ্যোপাধ্যায়কে। নাট্যব্যক্তিত্ব বিশ্বজিৎ দত্ত পান ‘শ্যামা কলাকৃতি সম্মান’। অন্যদিকে আন্তর্জাতিক পদকজয়ী যোগাসন ক্রীড়াবিদ অম্বর নাহা পান ‘শ্যামা ক্রীড়াকৃতি সম্মান’।
নতুন লেখকদের উৎসাহিত করাই লক্ষ্য
পাঁচ বছরের পথচলায় নতুন লেখক-লেখিকাদের উৎসাহিত করে চলেছে শ্যামা সাহিত্য পরিবার। পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারেও কাজ করছে এই সংগঠন।
অনুষ্ঠানে দেবাশিস চৌধুরী বলেন, “সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, সমাজকে আলোকিত করার এক শক্তিশালী হাতিয়ার।” নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যবোধ জাগিয়ে তোলা তাঁদের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। পাশাপাশি সুস্থ সাহিত্য ও সংস্কৃতির পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন।
পত্রিকার মূলমন্ত্র, “বর্ণের আলো ধুয়ে দিক সমাজের সব কালো।” এই আদর্শকে সামনে রেখেই আগামী দিনেও সাহিত্যচর্চার উদ্যোগ বজায় থাকবে। পাশাপাশি এই কাজ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন দেবাশিস চৌধুরী।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







