best news portal development company in india

কলকাতায় কালীপুজোর বিসর্জন: ১৪টি ঘাটে মহিলা পুলিশ

SHARE:

কালীপুজোর বিসর্জন ঘিরে কলকাতায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার। চোরবাগানের ঘটনার পর এবার বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন ঘাটে বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ ঘাট ও সংযোগস্থলে মহিলা পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। মাইক হাতে তাঁরা নিয়মিত ঘোষণা করবেন।

১৪টি জায়গায় মহিলা পুলিশকর্মীদের ঘোষণা

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মোট ২৮ জন মহিলা পুলিশকর্মী এই দায়িত্ব সামলাবেন। সোমবার বিকেল চারটে থেকে শুরু হবে তাঁদের ঘোষণা। ভোররাত পর্যন্ত চলবে এই কাজ। বিসর্জনের নিয়ম মানা এবং নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সতর্ক করবেন তাঁরা।

নিমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, বাজা কদমতলা ঘাটে থাকবে পুলিশি নজরদারি। পাশাপাশি, বাবুঘাট, বাগবাজার ঘাট ও কুমোরটুলি ঘাটেও চলবে ঘোষণা। দইঘাট, রতনবাবু ঘাট, বিচালি ঘাট এবং মায়ের ঘাটও রয়েছে তালিকায়।

এছাড়া রবীন্দ্র সরণি ও নিমতলা ঘাট স্ট্রিটে নজরদারি থাকবে। নিমতলা ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলেও দায়িত্বে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। পলাশি গেট রোড ও কিংসওয়ের সংযোগস্থল এবং জলপুলিশের দপ্তরের কাছেও চলবে ঘোষণা।

লালবাজারের বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিসর্জনের সময় তাঁদের দিয়ে নিয়মিত ঘোষণা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিশেষ দল

বিসর্জনের সময় রাস্তায় বাজি ফাটানো ও ভিড়ের কারণে যানজটের আশঙ্কা রয়েছে। তাই দক্ষিণ কলকাতার আটটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে নজর রাখবে ট্রাফিক পুলিশের আটটি দল। পাশাপাশি, স্ট্র্যান্ড রোডেও থাকবে একটি দল। প্রতিটি দলে ছয় থেকে আটজন পুলিশকর্মী ও আধিকারিক থাকবেন।

গঙ্গায় নজরদারির জন্য জলপুলিশের চারটি দল টহল দেবে। সোমবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত বিসর্জন চলবে। নির্বিঘ্নে বিসর্জনের জন্য চারটি বিশেষ পুলিশ শিবিরও তৈরি করা হচ্ছে। নিমতলা, গোয়ালিয়র ও দইঘাট এলাকায় থাকবে এই ব্যবস্থা। জলপুলিশের দপ্তরের কাছেও শিবির করা হবে।

শহরজুড়ে ২৫০টি পুলিশ পিকেট

লালবাজার জানিয়েছে, গোটা শহরে প্রায় ২৫০টি পুলিশ পিকেট থাকবে। দিনের বেলায় ২০টি গঙ্গার ঘাটে পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি, গঙ্গার ২৮টি ঘাটে প্রস্তুত থাকবে ডিএমজি-র দল। তাদের সঙ্গে থাকবে যন্ত্রচালিত নৌকা, ওয়্যারলেস সেট ও লাউডস্পিকার।

জলপুলিশের দপ্তরেও দুটি দল প্রস্তুত থাকবে। এছাড়া শহরের ১৪টি সরোবর ও জলাশয়ে নৌকা ছাড়াই মোতায়েন থাকবে ডিএমজি-র কর্মীরা।

সব মিলিয়ে কালীপুজোর বিসর্জন ঘিরে কলকাতায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘাট থেকে রাস্তা, সর্বত্র নজরদারি চালাবে পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *