best news portal development company in india

রায়গঞ্জ এনকাউন্টার: নাবালিকা ধর্ষনে পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্তের

SHARE:

পালাবদলের বাংলায় ফের এনকাউন্টারের ঘটনা। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হল নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর রাতে অভিযানের সময় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর।

গত মঙ্গলবার রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। অভিযোগ, কুলিক নদী দেখানোর নাম করে তাকে বাড়ি থেকে নিয়ে যায় দিলীপ রায়। এরপর থেকেই নাবালিকার খোঁজ পাচ্ছিল না পরিবার। বৃহস্পতিবার আব্দুলঘাটার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তার দেহ। নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযুক্তের খোঁজে পুলিশের অভিযান

ঘটনার পর থেকেই অভিযুক্ত দিলীপ রায়কে খুঁজছিল পুলিশ। জানা গিয়েছে, তাঁর বাড়ি রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের আদি বাড়ি ঝাড়খণ্ডে বলেও সূত্রের খবর। ফলে সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে পালানোর আশঙ্কা করছিল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে অভিযুক্তের অবস্থান জানতে পারে তদন্তকারীরা। এরপর বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন পাড়ারপুকুর এলাকায় অভিযান চালানো হয়। রবিবার রাত প্রায় দুটো নাগাদ পুলিশ তাঁকে ঘিরে ফেলে বলে জানা গিয়েছে।

পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু

অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলীপ রায় আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। পুলিশের গাড়ির চাকাও লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে দাবি। এরপর আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান অভিযুক্ত।

তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, অভিযুক্ত দিলীপ রায় সম্পর্কে ওই নাবালিকার জেঠু। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় পুলিশের অভিযানের সম্পূর্ণ বিবরণ এবং গুলির লড়াই সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে আসা এখনও বাকি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *