সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের রূপনগরে একটি বহুতল আবাসনের ছাদে বিশেষভাবে তৈরি একটি ঘরে লুকিয়ে থেকেও পুলিশের হাত থেকে রেহাই পেলেন না তিনি। রবিবার সন্ধ্যায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অভিযোগকারী ব্যক্তিদের দাবি, আকাশ বোস এবং শ্রুতিডাঙার বাসিন্দা সুশান্ত বাউড়ি একাধিক ব্যক্তির কাছ থেকে রেলওয়েতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮ লক্ষ, ১০ লক্ষ থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। কিন্তু অভিযোগ, কারও চাকরি হয়নি, এমনকি ফেরত দেওয়া হয়নি তাঁদের টাকা। প্রতারিত ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে থানার দ্বারস্থ হন।
সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে রূপনগরের বহুতল আবাসনের ছাদ থেকে আকাশ বোসকে গ্রেফতার করে। সোমবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







