কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিনেতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দুই পক্ষের বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।
একটি ভিডিয়ো বার্তায় নাসিরুদ্দিন শাহ বিজেপিকে ‘রক্তপিপাসু মিথ্যাবাদী দল’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে হিংসা ছড়িয়েছে বিজেপি। দলের নীতির সঙ্গে যাঁরা একমত নন, তাঁদের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, দেশের ভবিষ্যৎ এবং চলচ্চিত্র নির্মাতাদের ভয় দেখানো ও তাঁদের মগজধোলাই করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন অভিনেতা। আন্দোলনরত পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি তাঁদের পাশে থাকার বার্তাও দেন।
নাসিরুদ্দিন শাহের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আগে চলচ্চিত্র জগতের উপর মাফিয়াদের প্রভাব ছিল, কিন্তু তখন অভিনেতার কোনও আপত্তি দেখা যায়নি। তাঁর দাবি, বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগৎ মাফিয়ামুক্ত এবং জাতীয়তাবাদী সিনেমা তৈরি হচ্ছে, যা দর্শকরা পছন্দ করছেন। অতীতে কালো টাকার সাহায্যে সিনেমা তৈরি করে হিন্দুত্ব ও দেশকে অপমান করা হলেও নাসিরুদ্দিন শাহ নীরব ছিলেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এসআরএফটিআই ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। পরিস্থিতির জেরে কর্তৃপক্ষ পুজোর ছুটি বাড়িয়ে ১৩ নভেম্বর পর্যন্ত করে এবং হস্টেল ও মেস খালি করার নির্দেশ দেয়। পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে জলের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এই পরিস্থিতিতে হস্টেল ছাড়তে নারাজ আন্দোলনকারীরা আগামী ২৭ অক্টোবর থেকে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। আর সেই সময়েই তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







