আরএসএস ও বিজেপিকে ঘিরে কংগ্রেস এবং বিরোধী জোটের সঙ্গে রাজনৈতিক সংঘাত ফের তীব্র হল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে পুরুষ-কেন্দ্রিক ও সংবিধানবিরোধী সংগঠন বলে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আরএসএস মনে করে নারীরা পুরুষদের সম্পত্তি। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে এই মন্তব্য করে তিনি লেখেন, শিব-শক্তিতে বিশ্বাস করেন বলেই সংঘের মতাদর্শের বিরুদ্ধে লড়াই করতে তিনি আগ্রহী। তাঁর দাবি, সংঘের মতাদর্শে বিশ্বাসী অনেক মহিলাও আজ তাঁর পাশে দাঁড়িয়েছেন।
রাহুলের এই মন্তব্যের পরই পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম বলেন, আরএসএস নিয়ে সমালোচনা করার অধিকার রাহুলের রয়েছে, তবে মন্তব্য করার আগে সংগঠন সম্পর্কে তাঁর আরও জানা উচিত। তাঁর দাবি, আরএসএসের মহিলাদের জন্যও একটি শাখা রয়েছে, যা দেশজুড়ে সক্রিয়। সেখানে মহিলারা পুরুষদের মতোই গুরুত্বের সঙ্গে কাজ করেন বলে দাবি করেন তিনি।
রাম কদমের পাশাপাশি বিজেপির একাধিক নেতাও রাহুলের মন্তব্যের সমালোচনা করেছেন। ফলে আরএসএসের আদর্শ ও সংগঠনে মহিলাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা নতুন করে সামনে এল। একদিকে রাহুলের অভিযোগ, অন্যদিকে বিজেপির পাল্টা বক্তব্য—এই বিতর্ক ঘিরে কংগ্রেস ও বিজেপির সংঘাত আরও তীব্র হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







