best news portal development company in india

সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার অভিযোগ, পাল্টা আঘাত সানায়

SHARE:

মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে সংঘাতের উত্তাপ। এবার সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠল ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবারের এই হামলার পর ভবনটিতে আগুন লাগে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে তেল শোধনাগার এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এদিকে সৌদির রাজধানী রিয়াধেও হামলার চেষ্টা চালানো হয় বলে খবর। সৌদি কর্তৃপক্ষের দাবি, হাউথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে সেগুলির ধ্বংসাবশেষে চারজন আহত হয়েছেন এবং অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।

এর পাল্টা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায় সৌদি বাহিনী। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। হাউথিদের দাবি, আগাম সতর্কতার জেরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই দাবির স্বাধীন নিশ্চিতকরণ মেলেনি।

সম্প্রতি রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হাউথিদের হামলার খবর সামনে এসেছে। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৩৮ জনেরও বেশি আহত হওয়ার দাবি করা হয়েছে। আহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *