best news portal development company in india

হলদিয়া থেকে শুভেন্দুর বার্তা, ‘চলুন পশ্চিমবঙ্গ’, রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

SHARE:

চতুর্থীর দিন হলদিয়া থেকে রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালসে ফেনল প্ল্যান্টের উদ্বোধন করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। আগামী এক বছরের মধ্যে রাজ্য বিনিয়োগকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “চলুন পশ্চিমবঙ্গ।”

এদিন হলদিয়ায় দুটি নতুন শিল্প প্রকল্পের কথাও ঘোষণা করেন শুভেন্দু। হলদিয়ায় পেপসির নতুন প্ল্যান্ট তৈরি হবে বলে জানান তিনি। পাশাপাশি, ৫০ একর জমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে দেওয়ার কথাও ঘোষণা করেন। তাঁর দাবি, এই প্রকল্পগুলির হাত ধরে আগামী এক বছরের মধ্যে হলদিয়ার শিল্পক্ষেত্রে আরও বৃদ্ধি ঘটবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণের পরিকাঠামো খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীরা একসঙ্গে কাজ করবেন, রাজ্যের সীমানা সেখানে বাধা হয়ে দাঁড়াবে না।

শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, হলদিয়ায় কর্মরত শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে অনেক সময় প্রাথমিক চিকিৎসা পেতে সমস্যায় পড়েন। সেই সমস্যা মেটাতে হলদিয়ায় ৫০ শয্যার ট্রমা সেন্টার এবং একটি বার্ন ইউনিট গড়ে তোলার কথা জানান তিনি।

রাজ্যে শিল্পায়নের পথে অতীতের বাধাগুলির প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বাম আমলে ধর্মঘট, কারখানায় তালা লাগানো এবং ব্যবস্থাপনার উপর হামলার মতো ঘটনার কারণে বহু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি, পরবর্তী সময়ে জমি নীতি ও সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে শিল্পের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন নজর, ঘোষিত বিনিয়োগ ও পরিকাঠামো প্রকল্পগুলি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *