best news portal development company in india

আদালতের নির্দেশের পরেও নিরাপত্তা পাচ্ছেন না মহুয়া, স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করার নির্দেশ

SHARE:

নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগরে গেলেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়মিত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও পাচ্ছেন না তিনি। এই অভিযোগ ঘিরেই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন মহুয়া।

বুধবার এই মামলায় নতুন নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করতে হবে। জানা গিয়েছে, মহুয়া মৈত্রের জন্য এক্স-ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আদালতের আগের নির্দেশ অনুযায়ী, নিজের সংসদীয় এলাকায় গেলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা পাওয়ার কথা।

আদালতে মহুয়ার আইনজীবী অর্ক নাগ জানান, কাগজে-কলমে পিএসও দেওয়ার কথা থাকলেও বাস্তবে তিনি সবসময় সাংসদের সঙ্গে থাকেন না। এই সংক্রান্ত হলফনামাও জমা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা জানিয়ে বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে নিরাপত্তারক্ষী পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, নিজের কেন্দ্রে গেলে ডিম, আলু ও পাথর ছোড়ার অভিযোগ তুলেছিলেন মহুয়া। নদিয়ার চাপড়ায় তৃণমূলের একটি কর্মসূচিতেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। এবার সাংসদের নিরাপত্তা নিয়ে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *