best news portal development company in india

বোনাসকে কেন্দ্র করে দুই শ্রমিক গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দেন্দুয়া, আহত ৫, আটক ২

SHARE:

বোনাসের দাবিকে কেন্দ্র করে দুই শ্রমিক গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সালানপুরের দেন্দুয়া। বুধবার সকালে এলোকুইন্ট কারখানার গেটের সামনে বিএমএস এবং স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় বিএমএস কনভেনার প্রশান্ত বিশ্বাস-সহ দু’পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন।

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিক নেতা অমরনাথ মাহাতো ও অন্যান্য শ্রমিকরা। তাঁদের দাবি, সমস্ত শ্রমিককে সময়মতো বোনাস দিতে হবে। অন্যদিকে, শ্রমিকদের বোনাস যাতে আটকে না থাকে, সেই দাবিতে বিএমএস কনভেনার প্রশান্ত বিশ্বাস তাঁর অনুগামীদের নিয়ে কারখানার গেটে পৌঁছন। এরপরই বোনাসের দাবিতে নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ।

সংঘর্ষে বিএমএস কনভেনার প্রশান্ত বিশ্বাস-সহ তিনজন এবং শ্রমিক নেতা অমরনাথ মাহাতো-সহ অপর এক ব্যক্তি আহত হন। আহত পাঁচজনকেই পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় রূপেশ দাস ও ভোলা দাস নামে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় কারখানা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বোনাসের দাবিকে ঘিরে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *