বিহারের বৈশালী জেলায় গঙ্গায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। মঙ্গলবার বৈশালীর রাঘোপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ভোজসভায় যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালান স্থানীয় বাসিন্দারাও। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। সমাজমাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, বৈশালীর রাঘোপুরে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন সময়ে শক্তি কামনা করেন তিনি।
নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দুর্ঘটনার পর থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। নিখোঁজদের খোঁজে তল্লাশি এবং উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







