সামান্য সামান্য সঞ্চয়েই যে বড় স্বপ্ন পূরণ করা যায়, তারই নজির গড়লেন তেলেঙ্গানার এক প্রৌঢ়। তিন বছরেরও বেশি সময় ধরে দশ টাকার কয়েন জমিয়ে কিনে ফেললেন ১ লক্ষ ২৩ হাজার টাকা দামের হন্ডা অ্যাক্টিভা স্কুটি। তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার বাসিন্দা ৫১ বছরের বি রবি জোসেফের এই কীর্তি এখন চর্চায়।
জানা গিয়েছে, প্রতিদিন সবজির বাজার কিংবা মুদি দোকানে কেনাকাটার পর ফেরত পাওয়া দশ টাকার কয়েন তিনি জমাতেন একটি লক্ষ্মীর ভাঁড়ে। এভাবেই তিন বছরের বেশি সময়ে তাঁর সংগ্রহে জমে যায় মোট ১২ হাজার ৩০০টি কয়েন। যার মোট মূল্য ১ লক্ষ ২৩ হাজার টাকা! প্রথমে অবশ্য স্কুটি কেনার কথা ভাবেননি তিনি। পরিবারের কাজে লাগবে, এমন কিছু কেনার ইচ্ছা ছিল তাঁর।
রবি জোসেফের আগেও একটি বাইক ছিল। কিন্তু সেটিতে নানা সমস্যা দেখা দেওয়ায় নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি। এরপর প্রায় ১৫ দিন আগে হন্ডার একটি শোরুমের সঙ্গে যোগাযোগ করে জানতে চান, তারা এতগুলি দশ টাকার কয়েন নিতে রাজি কি না। শোরুমের ম্যানেজার সম্মতি দিতেই আর দেরি করেননি জোসেফ।
অবশেষে জমানো ১২ হাজার ৩০০টি কয়েন দিয়েই কিনে ফেলেন নিজের পছন্দের হন্ডা অ্যাক্টিভা। তাঁর এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করলেও একদিন বড় স্বপ্ন পূরণ করা সম্ভব।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







