নিজের পাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়ার দিন কালীঘাটের মিলন সংঘের পুজো উদ্বোধনে গিয়েছিলেন তিনি। ঘরোয়া পোশাকে উপস্থিত হয়ে পাড়ার শিশুদের দিয়ে ফিতে কাটান মমতা। কিন্তু উদ্বোধন সেরে ফেরার সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, এক মহিলা তাঁর সামনে এসে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং রাস্তা আটকে শুয়ে পড়েন। পরে ওই মহিলা ছুরি নিয়ে মমতার উপর হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলার নাম অনসূয়া সাহা। তিনি এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে। ঘটনার পর কালীঘাট থানার পুলিশ তাঁকে আটক করে। ওই মহিলার মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার কথাও জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়।
একসময় দুর্গাপুজোর উদ্বোধনে ব্যস্ত সময় কাটত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার বড় পুজো থেকে শুরু করে জেলার বিভিন্ন মণ্ডপ—সর্বত্রই উদ্বোধনের জন্য আমন্ত্রণ পেতেন তিনি। নিজে উপস্থিত হতে না পারলে রিমোটের মাধ্যমেও উদ্বোধন করতেন। তাঁর হাত ধরেই রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে পুজো উদ্বোধনের রেওয়াজ আরও জনপ্রিয় হয়েছিল বলে মনে করা হয়।
কিন্তু এবছর ছবিটা অনেকটাই আলাদা। বিভিন্ন পুজোর উদ্বোধনে তাঁকে সেভাবে দেখা যায়নি। নিজের পাড়ার মিলন সংঘের পুজো উদ্বোধনই ছিল তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি। আর সেই অনুষ্ঠান থেকেই ফেরার পথে এই অনভিপ্রেত ঘটনার মুখে পড়তে হল তাঁকে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







