best news portal development company in india

“সাধারণ মানুষ এখনও নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন”, রাহুল গান্ধী ও কংগ্রেসকে নিশানা অমিত শাহের

SHARE:

নির্বাচনী ফলাফলকে হাতিয়ার করে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক বিশেষ বার্তায় তিনি দাবি করেন, দেশের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপরই আস্থা রাখছেন। গুজরাটের পুরভোটে বিজেপির সাফল্য এবং একাধিক রাজ্যের নির্বাচনী ফলাফলের উল্লেখ করে শাহ বলেন, “সাধারণ মানুষ এখনও নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন।” তাঁর বক্তব্য, বিরোধীরা এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে পরাজয়ের অজুহাত হিসেবে ব্যবহার করছে।

গুজরাটের পুরভোটে কংগ্রেসের একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করেন শাহ। তাঁর দাবি, ১৯৮৫ সালের পর থেকে গুজরাটে কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েছে। তাই এই হারকে এসআইআরের ফল বলে ব্যাখ্যা করা যায় না। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির উপনির্বাচনের প্রসঙ্গও তোলেন তিনি। নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির বিপুল জয়ের দাবি উল্লেখ করে কংগ্রেসকে আত্মসমীক্ষার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন ত্রিপুরার গ্রাম সমিতির নির্বাচনের ফলাফলও তুলে ধরেন অমিত শাহ। তাঁর দাবি, সেখানে ব্যালট পেপারে ভোট হয়েও বিজেপি ৭৭.৫ শতাংশ আসনে জয় পেয়েছে। বিরোধীদের ব্যালট বাক্স ও এসআইআর নিয়ে অভিযোগের জবাব দিতেই এই উদাহরণ দেন তিনি। শাহের কটাক্ষ, রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনে হারছে।

২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় শাহের বক্তব্যে। তাঁর অভিযোগ, এসআইআরের অজুহাতে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে কংগ্রেস। তবে বিরোধীদের এই অভিযোগ ও পাল্টা বক্তব্যের রাজনৈতিক বিতর্কের মধ্যেই নির্বাচনী ফলাফলকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *