আন্তর্জাতিক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধের সংঘর্ষবিরতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘোষণার পরই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, সংঘর্ষবিরতির খবর তিনি নিজেও সংবাদমাধ্যমের কাছ থেকে জেনেছেন। তাহলে কি দুই দেশের সম্মতি ছাড়াই সংঘর্ষবিরতির ঘোষণা করলেন ট্রাম্প?
সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন পরস্পরের তেল শোধনাগার এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, দুই দেশ জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এও তিনি লেখেন, এই সংঘর্ষবিরতি অবিলম্বে কার্যকর হয়েছে। পাশাপাশি দুই দেশকে সতর্ক করে বলেন, এই সমঝোতা যেন লঙ্ঘন না করা হয়।
কিন্তু ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেনের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে জেলেনস্কি জানান, সংঘর্ষবিরতির বিষয়টি তাঁর কাছেও নতুন খবর। তবে রাশিয়া সত্যিই জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ করতে রাজি হলে ইউক্রেনও সেই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত বলে জানান তিনি।
জেলেনস্কির কথায়, “প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুতিনের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করেন, তবে দয়া করে আমাদেরও জানাবেন কখন সেই যুদ্ধবিরতি শুরু হবে। আমরা প্রস্তুত এবং আমরা তা মেনে নেব।” ফলে ট্রাম্পের ঘোষণার পরও সংঘর্ষবিরতির শর্ত, কার্যকর হওয়ার সময় এবং দুই পক্ষের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







