বিনোদন: বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্কে কি ভাঙনের সুর? সম্প্রতি টলিপাড়ায় এমনই গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির সেট থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেম। প্রায় এক দশক ধরে একসঙ্গে রয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের জল্পনার মাঝেই এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বনি ও কৌশানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানি জানান, পর্দায় তাঁর ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রসায়ন দর্শকের পছন্দ হওয়া তাঁদের কাজেরই ইতিবাচক দিক। সেই সময় পাশে দাঁড়িয়ে বনি মজা করে বলেন, “রিয়েল লাইফের ময়দামুখো আর রিল লাইফের ময়দামুখো আলাদা হতেই পারে! তবে দিনের শেষে রিয়েল লাইফের ময়দামুখোকেই কাছে ফিরতে হবে।” তাঁর এই মন্তব্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলা জল্পনায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে হাসতে হাসতে কৌশানি জানান, তাঁর বাবাও মাঝে মাঝে মজা করে প্রশ্ন করেন, “কী রে, কবে হল এটা, আমায় জানালি না তো!” অভিনেত্রীর মতে, যে কোনও সম্পর্কেই ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে সম্পর্ক শেষ করে দিতে হবে। খোলামেলা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।
দুই পরিবারের মধ্যেও বনি-কৌশানির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সম্মতি রয়েছে। তবে দু’জনেরই কেরিয়ার এখন ব্যস্ততার মধ্যে দিয়ে এগোচ্ছে বলে বিয়ের বিষয়ে তাড়াহুড়ো নেই। আপাতত বিচ্ছেদের গুঞ্জনের বদলে নিজেদের কাজ ও একসঙ্গে কাটানো মুহূর্তগুলিতেই মন দিতে চান এই তারকা জুটি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







