আজ কুলটি বিধানসভার থানামোড়ে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’-এর শুভ উদ্বোধন অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের প্রদেশ প্রভারী শ্রদ্ধেয় শ্রী সুনীল বানসাল মহাশয়ের শুভহস্তে এই সেবা কেন্দ্রের উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবের আবহে সেজে ওঠে। ঢাকের তালে, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে এবং উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে উপস্থিত বিশিষ্ট অতিথিদের স্বাগত জানানো হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। দুর্গাপূজার আবহে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আনন্দকে সঙ্গে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান এক আন্তরিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, আসানসোল বিভাগ ইনচার্জ তথা বড়জোড়ার বিধায়ক শ্রী বিলেশ্বর সিনহা, আসানসোল বিভাগ কো-ইনচার্জ শ্রী সুনীল রুদ্র মণ্ডল, বারাবনির বিধায়ক শ্রী অরিজিৎ রায়, আসানসোল উত্তরের বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি এবং রানীগঞ্জের বিধায়ক শ্রী পার্থ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ।
এই সেবা কেন্দ্রটি কুলটির সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগ শোনা, বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং জনসেবার মাধ্যমে মানুষের পাশে থাকার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাঁদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা এবং যথাসম্ভব সমাধানের উদ্যোগ গ্রহণ করাই হবে এই কেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য।
নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণাকে সামনে রেখে এই সেবা কেন্দ্র জনকল্যাণ, মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নের কাজে নতুন উদ্দীপনা জোগাবে বলে আমরা আশাবাদী।
জনসেবাই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে কুলটির উন্নয়ন এবং জনকল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







