দ্বিতীয়া থেকেই কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর উৎসবের আমেজ। দেবীপক্ষের সূচনা হতেই শহরের একাধিক নামী পুজোমণ্ডপের দরজা খুলে গিয়েছে দর্শনার্থীদের জন্য। কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর থেকেই মণ্ডপগুলিতে বাড়তে শুরু করেছে ভিড়।
এবারের পুজোয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় আবহের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পিতৃপক্ষে মণ্ডপদর্শন না করার বার্তা আগেই দেওয়া হয়েছিল। পাঁজি মেনে দেবীপক্ষ শুরু হতেই তাই বিভিন্ন পুজো কমিটি দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দিয়েছে। দ্বিতীয়ায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন ও টালা প্রত্যয়ের মতো পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
তবে দ্বিতীয়ার সন্ধ্যায় সবচেয়ে বেশি নজর কেড়েছে বিধায়ক সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এবার বিশেষ থিমে সাজানো হয়েছে মণ্ডপ। চোখধাঁধানো আলোকসজ্জা ও নজরকাড়া মণ্ডপসজ্জা দেখতে সন্ধ্যা থেকেই ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী।
মর্ত্যে উমার আগমনের এখনও কয়েক দিন বাকি থাকলেও উৎসবের আনন্দে পথে নেমে পড়েছেন শহরবাসী। দ্বিতীয়াতেই কলকাতার পুজোমণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় বুঝিয়ে দিচ্ছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উন্মাদনা এবারও তুঙ্গে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







