সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর্থিক প্রতারণা ও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে শহরের আটটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। টালিগঞ্জ ও শরৎ বোস রোড-সহ একাধিক এলাকায় চলছে এই অভিযান।
অভিযোগ, মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই অর্থ বেআইনি সংস্থার মাধ্যমে রিয়েল এস্টেট-সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয় বলে তদন্তে উঠে এসেছে। বিদেশি মুদ্রা বিনিময়ের নামেও বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, গত ২৩ সেপ্টেম্বর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফের এই অভিযান বলে জানা যাচ্ছে। এর আগে কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু-সহ দেশের মোট ১৭টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিভিন্ন সংস্থার নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রকাশ করা হয়নি। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগেরও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তদন্ত এগোলে আর্থিক লেনদেনের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







