best news portal development company in india

জন্ম-মৃত্যু শংসাপত্রের অধিকার ফেরানোর দাবিতে স্বাস্থ্যভবনে হোমিওপ্যাথি চিকিৎসকদের অবস্থান

SHARE:

একাধিক দাবিতে আজ, বুধবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসতে চলেছেন ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকেরা। তাঁদের অভিযোগ, সম্প্রতি ডিএমএস, ডিএইচএমএস-সহ বিভিন্ন ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকের জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি চিকিৎসকদের সংগঠনের।

সংগঠনের অভিযোগ, ৯ জুলাইয়ের একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই অধিকার থেকে ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি এবং অন্যান্য আয়ুশ চিকিৎসকদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৫ সালে দীর্ঘ আন্দোলনের পর ডিএমএস ও ডিএইচএমএস-সহ ডিপ্লোমাধারী চিকিৎসকদের ‘সেকেন্ড সিডিউল’-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সূত্রেই তাঁরা জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার পেয়েছিলেন।

সম্প্রতি এই সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য অধিকর্তা তথা স্টেট ডেথ-বার্থ রেজিস্ট্রার এবং স্বাস্থ্যসচিবকে ডেপুটেশনও দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টার। সংগঠনের সহ-সভাপতি ডা. সজল বিশ্বাস জানিয়েছেন, দাবি পূরণ না হলে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলবে।

চিকিৎসকদের দাবি, পুরনো অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করা হোক। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের ব্যবস্থায় হঠাৎ পরিবর্তনের ফলে চিকিৎসক এবং সাধারণ মানুষ—দু’পক্ষকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *