তোলাবাজি এবং দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিতর্ককে কেন্দ্র করে খড়দহে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় দলের একটি কর্মসূচিকে ঘিরে প্রথমে বচসা, পরে হাতাহাতি ও সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সংঘর্ষের সময় বোমা ছোড়া হয়। ঘটনায় চার বিজেপি কর্মী জখম হয়েছেন।
আহতদের বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ফের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের অভিযোগ ওঠে। জরুরি বিভাগের সামনে বোমাবাজির অভিযোগে আতঙ্ক ছড়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। খবর পেয়ে রহড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ পৌঁছানোর পরও বিক্ষোভের অভিযোগ ওঠে। এমনকি পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি। ঘটনার পর রহড়া থানার পুলিশ ছ’জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এক পক্ষের দাবি, বহিরাগতদের মদতে পুরনো কর্মীদের উপর হামলা করা হয়েছে। পালটা অভিযোগও করেছে অন্য গোষ্ঠী। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







