বদলে যাচ্ছে বিশ্ব কূটনীতির সমীকরণ। ৬২তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের মিউনিখ লিডার্স মিটিংয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির অন্যতম বৈশিষ্ট্য হল আমেরিকার ‘র্যাডিক্যাল রিপজিশনিং’। তাঁর মন্তব্য, আমেরিকা নিজের পছন্দেই ধীরে ধীরে ‘আরও একাকী শক্তি’ হয়ে উঠছে।
জয়শঙ্করের বক্তব্যে উঠে আসে চিনের ক্রমবর্ধমান প্রভাবের কথাও। তাঁর মতে, চিনের উত্থান বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশ্বের উৎপাদন ব্যবস্থায় চিনের বড় অংশীদারিত্ব এবং তার অর্থনৈতিক সক্ষমতা ক্রমশ রাজনৈতিক প্রভাবেও রূপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে আমেরিকা ও চিনের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। তাঁর মতে, এই প্রতিযোগিতা এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের হাতে থাকা অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কূটনৈতিক প্রভাবকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
জয়শঙ্কর আরও বলেন, মধ্যম ও উদীয়মান শক্তিগুলি নিজেদের স্বার্থ সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছে এবং অংশীদারিত্বের বৈচিত্র্য বাড়িয়ে ঝুঁকি কমানোর চেষ্টা করছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিযোগিতা, অন্য শক্তিগুলির উত্থান এবং পারস্পরিক নির্ভরতা—সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







