উত্তরবঙ্গে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার চোপড়া বিধানসভার কমলাগাঁও-সুজালি এলাকায় সাংগঠনিক সভায় যোগ দিতে যাওয়ার সময় তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ ও ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরেও প্রতিবাদ দেখান বলে দাবি।
ঘটনাকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা সভাস্থলে ঢুকতে পারেননি। ঘটনার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশের অভিযোগ উঠলেও, বিজেপির জেলা নেতৃত্ব তা অস্বীকার করেছে। জেলা সহ-সভাপতি সুরজিৎ সেনের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ।
এদিন সভামঞ্চ থেকে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এবং দলীয় সংগঠনের স্বার্থে কাজ করার জন্য কর্মীদের বার্তা দেন তিনি। সভার আগে ভার্চুয়াল মাধ্যমে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ছেড়ে যাওয়া সাংসদ ও বিধায়কদের ১৫ দিনের মধ্যে দলে ফেরার আহ্বান জানান।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







