দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ সংক্রান্ত আর্থিক অনিয়মের তদন্তে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা জানাল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মালিকানাধীন ‘অক্টেভ রেকর্ডস’-এর অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল।
ইডির বিবৃতি অনুযায়ী, ইন্দ্রনীল সেন এবং তাঁর সংস্থার অ্যাকাউন্টে তাঁর মন্ত্রী থাকাকালীন ৩.৮ কোটি টাকারও বেশি নগদ জমা পড়েছিল। সেই আর্থিক লেনদেনের তদন্ত করতে গিয়েই প্রায় ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে যাওয়ার তথ্য সামনে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার।
তবে এই ৩০ লক্ষ টাকার লেনদেনের উদ্দেশ্য নিয়ে ইন্দ্রনীল সেনের বক্তব্যও উল্লেখ করেছে ইডি। তাঁর দাবি, ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রয়্যালটি’ হিসেবে দেওয়া হয়েছিল। তবে কীসের রয়্যালটি, তা ইডির বিবৃতিতে নির্দিষ্ট করে জানানো হয়নি। গুরুত্বপূর্ণভাবে, ইডি এই লেনদেনটিকে তাদের বিবৃতিতে অপরাধমূলক লেনদেন বলে উল্লেখ করেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনায় অভিযুক্তও করেনি।
এই মামলার তদন্ত মূলত ‘মাসআর্ট’-এর মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো আয়োজন এবং তার সঙ্গে যুক্ত আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। ইডির দাবি, ইন্দ্রনীল সেনের মন্ত্রী থাকাকালীন তাঁর দফতর থেকে ৮৫ কোটি টাকার বেশি মূল্যের একাধিক টেন্ডার তাঁর ঘনিষ্ঠ বলে চিহ্নিত ব্যক্তিদের সংস্থাকে দেওয়া হয়েছিল। পুরো অর্থের গতিপথ এবং অন্যান্য লেনদেন এখনও তদন্তাধীন।
ইডির এই দাবি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রায় ৩০ লক্ষ টাকার ওই লেনদেন বেআইনি ছিল কি না, কিংবা এর সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না—তা তদন্তের ফল এবং পরবর্তী আইনি প্রক্রিয়াতেই স্পষ্ট হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







