দুর্গাপুজোর আগে কলকাতার কামারডাঙা দুর্গোৎসব কমিটির একটি ব্যানার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ব্যানারে ‘এবার পুজোয় বামবধ’ লেখা হয়েছে এবং সিপিআইএম, ডিওয়াইএফআই, এসইউসিআই-সহ বামপন্থী সংগঠনগুলির স্টল বসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এবারের পুজোর থিম ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ এবং পুজো ১০৭ বছরে পা দিচ্ছে।
এই বিতর্কের প্রেক্ষাপটে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য। বিধানসভায় তিনি বলেছিলেন, দুর্গাপুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টলে ‘শারদোৎসব’-এর বদলে ‘দুর্গাপুজো’ লেখা না হলে স্টল করতে দেওয়া উচিত নয়। তাঁর ওই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কামারডাঙা দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা সুরজ কুমার সিং জানিয়েছেন, তাঁদের পুজোয় কোনও বামপন্থী বা কমিউনিস্ট সংগঠনের স্টল থাকবে না। তাঁর দাবি, ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে বামপন্থীদের আদর্শের মিল নেই। তবে এই বক্তব্যকে ঘিরেই প্রশ্ন উঠছে—দুর্গাপুজোর মতো একটি সর্বজনীন উৎসবের পরিসরে রাজনৈতিক সংগঠনের বইয়ের স্টল নিষিদ্ধ করার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত।
অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, প্রচারের জন্যই কেউ এ ধরনের কথা বলছেন। পাশাপাশি তিনি ওই পুজো কমিটির পরিচয় এবং সেখানে আদৌ বামেদের বইয়ের স্টল বসত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে ‘বামবধ’ লেখা ওই পোস্টারকে কেন্দ্র করে পুজোর আগেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







