বীরভূমের বোলপুরে বিজেপির এক বুথ সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন। রবিবার সন্ধ্যায় বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মিলপট্টি এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ব্যক্তি বাইকে করে এসে চন্দনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে।
এই খুনের নেপথ্যে ঠিক কী কারণ, তা নিয়েই এখন মূল প্রশ্ন। পরিবারের তরফে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তোলা হয়েছে। তবে পুলিশ এখনও কোনও একটি মোটিভ নিশ্চিত করেনি। রাজনৈতিক বিরোধের পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে পুলিশ।
চন্দনের পরিবারের দাবি, ঘটনার আগে তাঁর কাছে একটি ফোন এসেছিল এবং সেই ফোন পাওয়ার পরই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে হামলাকারীদের পরিচয় এবং হত্যার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







