দুর্গাপুজোর কার্নিভালের বদলে এবার মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে মেগা উদ্বোধনী অনুষ্ঠান। ১০ অক্টোবর মহালয়ার দিনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুর কমিশনার স্মিতা পাণ্ডে, পুলিশ কমিশনার অজয় নন্দা-সহ পর্যটন, তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইডেনে ঢোকার আগে রেড রোডে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রোড শো হওয়ার কথা। বিকেল ৫টা থেকে ইডেনে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৬ হাজার শিল্পী এবং ৩ হাজার ঢাকি অংশ নেবেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আলাদা ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করে গল্ফ কার্টে মাঠ প্রদক্ষিণ করবেন বলেও জানা গিয়েছে।
অনুষ্ঠান থেকে কলকাতার পাঁচটি পুজোর ভার্চুয়াল উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে। সূত্রের খবর, তালিকায় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনী। প্রধানমন্ত্রীর ভাষণ ও অনুষ্ঠান শেষে ড্রোন শো এবং আতসবাজির প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






