পুজোর মরশুমে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেল। দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোকে কেন্দ্র করে যাত্রীদের টিকিটের চাহিদা মেটাতেই এই বিশেষ পরিষেবা। সপ্তাহে দু’দিন চলবে ট্রেনগুলি। কলকাতা ও বেনারস—দুই দিকেই ট্রেন চালানো হবে।
আগামী ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেনটি চলবে। প্রতি মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে বেনারস থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে। মোট ৮টি ট্রিপ করবে এই ট্রেন।
অন্যদিকে, ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ০৫০৪৭ কলকাতা-বেনারস স্পেশাল ট্রেনটি চলবে। প্রতি বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরদিন ভোর ৪টা ১৫ মিনিটে বেনারসে পৌঁছবে। এই ট্রেনটিও মোট ৮টি ট্রিপ করবে।
দুই দিকের যাত্রাপথেই নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে ট্রেনের স্টপেজ থাকবে। বিশেষ ট্রেনে এসি কামরাও রাখা হচ্ছে। তবে টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে রেলের তরফে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






