বারাসতের বামনগাছিতে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে পুলিশের উর্দিতে উপস্থিত হয়ে গেরুয়া উত্তরীয় গ্রহণের ঘটনায় বিতর্কে জড়ালেন ফাঁড়ির ওসি সুজিত দে। ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনাটি গত রবিবার সন্ধ্যার। বামনগাছি চৌমাথায় বারাসত ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের বিজেপি কার্যালয় উদ্বোধন হয়। অনুষ্ঠানে পুলিশের উর্দি পরেই উপস্থিত ছিলেন ওসি সুজিত দে। স্থানীয় বিজেপি নেতাদের তরফে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক।
ওসি সুজিত দে-র বক্তব্য, তিনি সেখানে ট্র্যাফিক সামলানোর জন্য গিয়েছিলেন। বিজেপির স্থানীয় নেতৃত্বেরও দাবি, দলীয় কার্যালয়টি ফাঁড়ির কাছেই হওয়ায় অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ করছিলেন তিনি। তবে পুলিশের পোশাকে রাজনৈতিক দলের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং উত্তরীয় গ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
বিতর্কের পর বিষয়টি খতিয়ে দেখেন বারাসত পুলিশ জেলার কর্তৃপক্ষ। ছবি ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর বামনগাছি ফাঁড়ির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আচরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






