best news portal development company in india

এক বাসেই কলকাতার নামী ও বনেদি পুজো দর্শন, বিশেষ বাসের ব্যবস্থা পরিবহন দপ্তরের

SHARE:

কলকাতার একাধিক বড় ও সাবেকি পুজো একদিনে ঘুরে দেখার জন্য বিশেষ বাস পরিষেবা চালু করছে পরিবহন দপ্তর। বারবার বাস, ট্রেন, ট্রাম বা মেট্রো বদলানোর ঝামেলা ছাড়াই এক বাসে চেপে একাধিক বনেদি বাড়ি ও নামী পুজো দেখার সুযোগ মিলবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ পরিষেবা চালু থাকবে।

উত্তর ও দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সকাল ৮টায় ভলভো এসি বাস ছাড়বে। এই পরিক্রমায় বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পুজো দেখানো হবে।

এই পরিষেবায় জনপ্রতি ভাড়া ২,৪০০ টাকা। ৫ থেকে ১০ বছর বয়সি শিশুদের জন্য ভাড়া ১,৮৫০ টাকা এবং পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য কোনও ভাড়া লাগবে না।

শহরতলির বাসিন্দাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে ভলভো এসি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, রানী রাসমণি বাড়ি এবং ঠনঠনিয়া-সহ একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানো হবে। এই পরিষেবায় জনপ্রতি ভাড়া ২,৫০০ টাকা এবং ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১,৯০০ টাকা।

পুজো পরিক্রমায় শুধু ঠাকুর দেখাই নয়, দর্শনার্থীদের জন্য জলখাবার, পুরনো দিনের বাঙালি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ, চা এবং পানীয় জলের ব্যবস্থাও থাকবে। প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। প্রতিটি বাসে থাকবেন একজন করে যাত্রী সহায়ক। পাশাপাশি বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *