কল্পবিজ্ঞানের পর্দা যেন এবার বাস্তবের ময়দানে! মানুষের তৈরি রোবটের সঙ্গে মানুষেরই মুষ্টিযুদ্ধ। আর সেই লড়াইয়ের ভিডিও ঘিরে এখন তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার সান ফ্রান্সিসকোয় ছয় ফুটের এক হিউম্যানয়েড রোবটের মুখোমুখি হলেন ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। লড়াইয়ের আয়োজন করে রোবোটিক্স সংস্থা ‘আরইকে’।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফাইটিং কেজের মধ্যে রিমোট-নিয়ন্ত্রিত রোবটের সামনে দাঁড়িয়ে রয়েছেন লাপেনা। লড়াই শুরুর আগে রোবটকে ওয়ার্ম-আপ করতেও দেখা যায়। এরপর ঘণ্টা বাজতেই শুরু হয় ঘুষি-পাল্টা ঘুষির লড়াই। লাপেনা রোবটকে একের পর এক ঘুষি মারেন। পাল্টা ঘুষি ও লাথি চালায় রোবটও। রোবটের আঘাতে লাপেনাকে রিংয়ের অন্য প্রান্তে ছিটকে পড়তেও দেখা যায়।
সংস্থাটির দাবি, মানুষ ও হিউম্যানয়েড রোবটের মধ্যে এটাই প্রথম এমন লড়াই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে ‘আরইকে’ জানিয়েছে, ফ্র্যাঙ্কি লাপেনা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়েছেন। তবে এই লড়াই কোনও স্বতন্ত্র রোবটের স্বয়ংক্রিয় যুদ্ধ নয়। বরং এটি সংস্থাটির ভার্চুয়াল রিয়্যালিটি কমব্যাট গেম তৈরির কাজের অংশ। এই ব্যবস্থায় দূর থেকে মানুষ হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে লড়াইয়ে অংশ নিতে পারেন।
মানুষের তৈরি যন্ত্রের সঙ্গে মানুষের এমন লড়াই স্বাভাবিকভাবেই উসকে দিচ্ছে কল্পবিজ্ঞানের নানা প্রশ্ন। তবে আপাতত এই লড়াইয়ে জয় মানুষের—আর রোবটের সঙ্গে মানুষের যুদ্ধের ভিডিওই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







