আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা। আফগান সীমান্ত পেরিয়ে একাধিক এলাকায় বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। হামলার খবর মিলেছে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে। প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে কুনার প্রদেশের নুরগল জেলার পতং এলাকায় অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসে বিমান থেকে বোমা ফেলা হয়। অভিযোগ, সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের সম্পূর্ণ হিসেব এখনও সামনে আসেনি। পূর্ব আফগানিস্তানের পাকতিকাতেও হামলার অভিযোগ উঠেছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। তাদের অভিযোগ, পাকিস্তানের হামলায় সাধারণ নাগরিকদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হামলার পূর্ণ বিবরণ ও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া এখনও বাকি।
প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠীগুলি আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালিবান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।
সন্ত্রাসবাদ দমনের যুক্তিতে অতীতেও ডুরান্ড লাইন পেরিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনা বেড়েছে একাধিকবার। এবারও নতুন করে বিমান হামলার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই এই সামরিক পদক্ষেপের খবর সামনে এসেছে। তবে হামলার উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসলামাবাদের আনুষ্ঠানিক বক্তব্য এবং আফগানিস্তানের পরিস্থিতির আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







