বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তীশাবকের নামকরণও করবেন মুখ্যমন্ত্রী। সফর ঘিরে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বিজেপির শক্তিশালী উপস্থিতির কারণে এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। এর আগে বিজেপির রাজ্য সভাপতি উত্তরবঙ্গের গুরুত্বের কথা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরও সেই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তবে সফরের আগে সুভাষিণী চা বাগানের মাঠকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সোমবার ওই মাঠে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি পালন করেন বিজেপি নেতা-কর্মীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই মাঠেই আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের আগে সেই কারণেই মাঠ শুদ্ধ করা হয়েছে বলে জানান তাঁরা।
এদিকে, মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ, জেলা বিজেপি সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগগা-সহ রাজ্যের একাধিক মন্ত্রী।
হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে বিশ্ব গন্ডার দিবস উদযাপনের আয়োজন করেছে বন দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি জলদাপাড়ার কুনকি হাতিদের পরিবারে জন্ম নেওয়া দুই নতুন সদস্যের নামকরণও করবেন তিনি। এখনও পর্যন্ত ওই দুই হস্তীশাবকের নাম নির্ধারিত হয়নি। অতীতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতে বন্যপ্রাণীর নামকরণের নজির রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে জলদাপাড়ার দুই খুদে হাতি।
সব মিলিয়ে, বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠান, বন্যপ্রাণী সংরক্ষণ এবং একাধিক প্রশাসনিক কর্মসূচিকে ঘিরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







