বাংলায় শিল্প ও বিনিয়োগের প্রসার ঘটাতে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় এই উচ্চপর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, রাজ্যে রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে।
সোমবার মুম্বইয়ে পৌঁছেই অ্যান্টিলিয়ায় যান মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বৈঠকে মুকেশ আম্বানিকে কালীঘাটের মা কালীর মূর্তিও উপহার দেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য রিলায়েন্স গোষ্ঠীকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বিনিয়োগ টানার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকও করছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সুশাসনের উন্নয়নকে সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেছিলেন। এবার আম্বানির সঙ্গে বৈঠকের পর বাংলায় নতুন বিনিয়োগের সম্ভাবনা কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







