থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী সংঘাত ঘিরে ফের উত্তেজনা। স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতার দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র সংগঠন বারিসান রেভোলুসি ন্যাসিওনাল, বা BRN। সংগঠনের মুখপাত্র নিকমাতুল্লাহ সেরির দাবি, তাদের লক্ষ্য এখনও স্বাধীনতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে BRN-এর তরফে দক্ষিণ থাইল্যান্ডের পাতানি অঞ্চলের জন্য ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবের কথা তুলে ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য ওই অঞ্চলে BRN-এর শাসন এবং শরিয়া আইন চালুর দাবি রয়েছে। তবে এই প্রস্তাব থাই সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে, এমন কোনও নিশ্চিত তথ্য নেই।
থাইল্যান্ডের মুসলিম-অধ্যুষিত দক্ষিণাঞ্চলে কয়েক দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। ২০০৪ সাল থেকে এই সংঘাতে ৭,৮০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ে নারাথিওয়াত প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচ থাই আধাসেনার মৃত্যু হয়। ওই হামলার পর শান্তি আলোচনা ফের ধাক্কা খায়। হামলার দায় অবশ্য কোনও সংগঠন স্বীকার করেনি।
এদিকে, থাই সরকার ও BRN-এর মধ্যে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। স্বায়ত্তশাসন ও প্রশাসনিক ক্ষমতা নিয়ে মতপার্থক্য এখনও বড় বাধা। ফলে দক্ষিণ থাইল্যান্ডে শান্তি ফেরানোর প্রচেষ্টা কতটা সফল হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







