best news portal development company in india

রাতে রাস্তার ধারে বাস পার্ক করলেই ৭০০ টাকা! বড় ঘোষণা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের

SHARE:

রাতে রাস্তার ধারে বাস পার্ক করলেই এবার দিতে হবে ৭০০ টাকা! শহরের রাস্তায় রাতের বাস পার্কিং নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে এসে এই ঘোষণা করেন তিনি।

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নাইট পার্কিংয়ের জন্য বাসপিছু ৭০০ টাকা করে চার্জ দিতে হবে। তাঁর বক্তব্য, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন রাস্তায় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে রাস্তার জায়গা কমে যায় এবং অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়।

তবে মন্ত্রীর এই ঘোষণার পরই ক্ষোভ তৈরি হয়েছে বাস মালিকদের মধ্যে। তাঁদের বক্তব্য, নতুন করে পার্কিং চার্জ চাপানো হলে বাস পরিষেবা পরিচালনার খরচ আরও বাড়বে।

এদিন পরিবহণ ব্যবস্থা নিয়েও একাধিক মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর কথায়, শুধু আমলাতন্ত্রের উপর নির্ভর করে সরকার চালানো যায় না। রাজনৈতিক নেতৃত্বকেও প্রয়োজন অনুযায়ী নিজেদের ক্ষমতা কাজে লাগাতে হবে।

পরিবহণ দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বর্ধমান থেকে ১৩০টি মিনিবাস ধর্মঘটে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, খবর পেয়েই তিনি পরিবহণ দফতরের সচিবকে ফোন করেছেন এবং বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন।

এর পাশাপাশি বাসের পাশাপাশি রাস্তায় টোটো চলাচল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্য, যেখানে বাস চলাচল করছে, সেখানে নিয়মবহির্ভূত টোটো কেন রাস্তায় চলবে—সেটিও প্রশাসনকে দেখতে হবে।

ফলে একদিকে রাতের বাস পার্কিংয়ে ৭০০ টাকা চার্জের ঘোষণা, অন্যদিকে টোটো ও বাস চলাচল নিয়ে মন্ত্রীর কড়া অবস্থান—সব মিলিয়ে পরিবহণ ক্ষেত্রে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *