কর্মরত শিক্ষকদের জন্য বড় খবর!
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার কর্মরত শিক্ষকদের TET পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। যেসব কর্মরত শিক্ষক এখনও TET পরীক্ষা দেননি, তাঁদের জন্য পরীক্ষা আয়োজন করতে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
শুক্রবার বিকাশ ভবন থেকে SSC-র চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কর্মরত শিক্ষকদের TET পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
শিক্ষা দফতরের চিঠি অনুযায়ী, ২০০৯ সালে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার বা RTE আইন কার্যকর হওয়ার আগে যাঁরা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং যাঁদের চাকরিতে এখনও পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে, তাঁদের TET পাশ করতে হবে।
২০২৫ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট কর্মরত শিক্ষকদের TET পাশ করা বাধ্যতামূলক। TET পাশ না করলে চাকরি নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রথম নির্দেশে TET পাশের জন্য দুই বছরের সময়সীমা দেওয়া হলেও, পরবর্তী আবেদনের ভিত্তিতে ২০২৬ সালের ২৯ মে সেই নির্দেশে কিছুটা সংশোধন করে শীর্ষ আদালত। নতুন নির্দেশ অনুযায়ী, কর্মরত শিক্ষকদের তিন বছরের মধ্যে TET পাশ করতে হবে।
শিক্ষা দফতরের চিঠিতে জানানো হয়েছে, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে অথবা তার আগেই সংশ্লিষ্ট শিক্ষকদের TET পাশ করতে হবে।
আর সেই সময়সীমার মধ্যে যাতে শিক্ষকরা একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ পান, তার জন্য বছরে দু’বার TET আয়োজনের পরিকল্পনাও জানানো হয়েছে। অর্থাৎ ছ’মাস অন্তর পরীক্ষায় বসার সুযোগ থাকতে পারে।
ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে এবার রাজ্যের তরফে প্রক্রিয়া শুরু হওয়ায়, কর্মরত কয়েক হাজার শিক্ষকের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও তৎপরতা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







