‘মুসলিম ন্যাটো’ তৈরি হওয়ার পর এবার কি বড় পরীক্ষার মুখে পাকিস্তান? সৌদি আরবের উপর হামলার পর ইরানের ঘনিষ্ঠ হুথিদের বিরুদ্ধে কি এবার সরাসরি যুদ্ধে নামতে চলেছে ইসলামাবাদ? এমনই জল্পনা তৈরি হয়েছে। একটি তুরস্কের সংবাদপত্রের দাবি, হুথিদের বিরুদ্ধে বড়সড় বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কোনও হামলার আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি।
ঘটনার সূত্রপাত সৌদি আরবকে ঘিরে। মঙ্গলবার ভোর থেকে দক্ষিণ সৌদি আরবের একাধিক এলাকায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। আবহা, খামিস মুশাইত, নাজরান এবং জাজান অঞ্চলের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর।
আর এখানেই সামনে আসছে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা কথিত ‘মুসলিম ন্যাটো’। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে হওয়া এই প্রতিরক্ষা সহযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য, সদস্য কোনও দেশের উপর হামলা হলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা প্রতিহত করা।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। হুথিরা ইরান-সমর্থিত গোষ্ঠী হিসেবে পরিচিত। ফলে সৌদির পাশে দাঁড়িয়ে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালালে তার প্রভাব সরাসরি ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উপর পড়তে পারে। আর সেই কারণেই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।
এর মধ্যেই আরও একটি বিষয় নজর কাড়ছে। কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর করেছিলেন। অথচ এখন সেই পাকিস্তানের বিরুদ্ধেই ইরানের ঘনিষ্ঠ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
চলতি বছরের শুরুতে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমাতেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়েছিল। ফলে ইসলামাবাদের এই সম্ভাব্য অবস্থান পরিবর্তন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
তুরস্কের ওই সংবাদপত্রের দাবি, হুথিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদাহ-সহ বেশ কয়েকটি এলাকায় বড়সড় বোমাবর্ষণের পরিকল্পনা করছে পাকিস্তান। লক্ষ্য হতে পারে হুথিদের সামরিক পরিকাঠামো দুর্বল করা। তবে এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া এখনও বাকি।
অর্থাৎ, এখন সবচেয়ে বড় প্রশ্ন—সৌদি আরবের উপর হুথি হামলার জবাব দিতে সত্যিই কি মাঠে নামবে পাকিস্তান? আর যদি নামে, তাহলে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কতটা পড়বে? আপাতত সব নজর ইসলামাবাদের পরবর্তী পদক্ষেপের দিকে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







